নয়াপল্টনে নজরুল

সরকার নারীদের ধর্ষণ থেকে রক্ষা করতে পারছে না

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৪:৩৭ এএম

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশিত রিপোর্টের বরাত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, চলতি বছরের গত ৯ মাসে সারা দেশে প্রায় এক হাজার নারী ধর্ষণের শিকার হয়েছেন। সরকার নারী-শিশুদের ধর্ষণ থেকে রক্ষা করতে পারছে না, তাদের সম্মান করতে পারছে না।

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক নাটক প্রচারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

যুবদলের মানববন্ধন সামনে রেখে সকাল থেকেই কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

মানববন্ধনে সরকারকে উদ্দেশ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আপনারা নারীদের ধর্ষণ থেকে রক্ষা করতে পারছেন না। রাষ্ট্রের সম্ভ্রম রক্ষা করতে পারে না। শেয়ারবাজার লুট হয়ে যায়, সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুট হয়ে যায়, বাংলাদেশ ব্যাংক পর্যন্ত লুট হয়ে যায়, নারী-শিশু লাঞ্ছিত হয়, রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকে। আর আপনারা মনে করেন, আপনারা ভালো আছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত