লক্ষ্মীপুরের রায়পুরে স্কুলমাঠে খেলার সময় পতাকার স্ট্যান্ড ভেঙে মাথায় পড়ে জান্নাতুল ফেরদাউস ডালিয়া (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. টিটুর মেয়ে ডালিয়া কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত।
টিটু জানান, ডালিয়া দুপুরে সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের মাঠে খেলছিল। এ সময় স্কুলের ঝুঁকিপূর্ণ পতাকার স্ট্যান্ডটি তার মাথায় পড়ে। উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক ডালিয়াকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের সামনেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ছয় মাস আগে ওই স্কুলমাঠে ফুটবল খেলার সময় সাব্বির নামে এক ছাত্রের ওপর পতাকার স্ট্যান্ডটি ভেঙে পড়েছিল। স্কুল কমিটির অবহেলায় আজও তা সংস্কার না হওয়ায় এত বড় দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির মোবাইল বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চরবংশী হাজিমারা ফাঁড়ির ইনচার্জ আবু ইউসুফ বলেন, এখনো ডালিয়ার পরিবার কোনো অভিযোগ করেনি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
