সাবেক ভিপি নূরসহ আসামিদের গ্রেপ্তার চেয়ে আদালতে বাদী

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৮:৩০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরসহ ৬ আসামির গ্রেপ্তারের আবেদন করেছেন ধর্ষণ মামলার বাদী।

রোববার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে করা আবেদনটি শুনানি শেষে তা নথিভুক্তর আদেশ দেন বিচারক।

বাদীর আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন এ তথ্য জানান।

তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার না করার ফলে বাদী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা গ্রেপ্তার না হলে মামলার তদন্ত প্রভাবিত হওয়ায় সম্ভবনা রয়েছে। 

তিনি বলেন, বিচারক তার আদেশে বলেছেন, যেহেতু মামলাটি আমলযোগ্য ও গ্রেপ্তারি পরোয়নাযোগ্য, জামিন অযোগ্য, সেহেতু যে কোনো সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। আদালতের আদেশের দরকার নেই।

মামলার অপর আসামিরা হলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮), একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন (২৮), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (২৮), বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা (২৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি (২৩)।

২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন। এরপর গত ২১ সেপ্টেম্বর বাদী কোতয়ালী থানায় একই  অভিযোগে আরেকটি মামলা  দায়ের করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত