কালীগঞ্জে সড়কের পাশে পরিত্যক্ত ব্যাগে নবজাতক

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০৮:৪০ এএম

সাতক্ষীরার কালীগঞ্জে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক ছেলে নবজাতক উদ্ধার হয়েছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রবিবার সন্ধ্যায় উপজেলার তারালী ইউনিয়নের গোলখালি মহাশ্মশান এলাকায় এ ঘটনা ঘটে।

পথচারী ইসরাইল বিশ্বাস, আব্দুস সাত্তার ও পঞ্চানন মন্ডল জানান, রবিবার বিকেলে তারা মৎস্য ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে গোলখালি মহাশ্মশান এলাকায় আবর্জনাযুক্ত স্থানে একটি বাজার ব্যাগে নড়াচড়াসহ কান্নার শব্দ শুনতে পান। এ সময় তারা ওই ব্যাগ খুলে দেখেন একটি ছেলে নবজাতককে পিঁপড়ায় খাচ্ছে। তাৎক্ষণিক তারা নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, ছেলে নবজাতক সুস্থ রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ায় ৩ থেকে ৪ ঘণ্টা আগে ওই নবজাতকের জন্ম হয়েছে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল জানান, নবজাতকটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার তত্বাবধানে রয়েছে। নবজাতকটি দত্তক প্রদান করা হবে। সন্তান নেয়ায় অক্ষম আগ্রহী পরিবারের বাবা-মা আবেদন করতে পারবে। তবে সরকারি চাকরিজীবী এমন পরিবারকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত