বিয়ের ২৬ বছর: নাঈম প্রস্তাব দেওয়ার আগেই প্রেমে পড়েন শাবনাজ

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১২:৫৭ পিএম

ঢালিউডে নব্বই দশকে ঝড় তোলা জুটি নাঈম-শাবনাজ। তাদের বিয়ের ২৬ বছর পূর্ণ হলো সোমবার। ১৯৯৪ সালের ৫ অক্টোবর জনপ্রিয়তার শীর্ষ সময়ে তারা বিয়ে করেন।

১৯৯১ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবি দিয়েই রূপালি পর্দায় পা রাখেন শাবনাজ ও নাঈম। তরুণ এ জুটি এসেই জয় করে নেন দর্শক হৃদয়। পরপর বেশ কিছু সফল সিনেমায় অভিনয় করেন। ওই সময় তারা প্রেমে পড়েন।

এক সাক্ষাৎকারে শাবনাজ জানিয়েছিলেন, প্রথম প্রস্তাব আসে নাঈমের কাছ থেকে। তবে আগেই মনে মনে ভালোবেসে ফেলেন সহশিল্পীকে।

জাতীয় পুরস্কার-জয়ী অভিনেত্রী বলেন, “সিলেটে আমরা একটি ছবির শুটিং করছিলাম। শট দেওয়ার পর সুন্দর একটি জায়গায় বসে আছি। এমন সময় নাঈম আমাকে প্রপোজ করে। কথা শুনে আমি অনেক লজ্জা পাই। সিনেমায় আমরা অনেকবার এমন কথা বলেছি। তবে বাস্তবে বিষয়টি একেবারেই আলাদা মনে হয়েছে।”

সঙ্গে যোগ করেন, “অবশ্য আমি এর আগে থেকেই মনে মনে ভালোবেসে ফেলেছি। এরপর আমি আমার পরিবারের সঙ্গে কথা বলি। এরই মধ্যে আমাদের পরিবারের কাছে নাঈম অনেক ভালো ছেলে হিসেবে গ্রহণযোগ্যতা পেয়ে গিয়েছিল।”

নাঈম বলেন, “আমিও বহু সিনেমায় শাবনাজকে এমন প্রেমের কথা বলেছি। তবে বাস্তবে বিষয়টা একেবারেই আলাদা। আমি শাবনাজের মুখ দেখেই বুঝে গেলাম, সে আমাকে ভালোবাসে।”

 এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে বড় মেয়ে নামিরা উচ্চশিক্ষার জন্য কানাডায় আছেন, ছোট মেয়ে গায়িকা মাহাদিয়া রাজধানীতেই পড়াশোনা করছেন।

এই তারকা জুটির অন্য উল্লেখযোগ্য ছবি হলো দিল, সোনিয়া, চোখে চোখে, বিষের বাঁশি, অনুতপ্ত, টাকার অহংকার, সাক্ষাৎ, জিদ ও ঘরে ঘরে যুদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত