অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহার করা ২৬টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার ফুট পাইপ পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। চুনারুঘাট উপজেলার দারাগাঁওয়ে এই অভিযান চালায় উপজেলা প্রশাসন।
রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত চুনারুঘাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাকে সহযোগিতা করেন চুনারুঘাট থানার পুলিশ।
জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকার ফসলি জমি ও বসতবাড়ির পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল ড্রেজার মেশিন দিয়ে। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হলেও প্রশাসনের তেমন টনক নড়েনি। ফলে স্থানীয় সচেতনমহল ছবিসহ ফেইসবুকে বালু উত্তোলন ও বালুবাহী গাড়ির চাপে উপজেলার সড়কের কাহিল অবস্থা ও তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। এমতাবস্থায় উপজেলা প্রশাসন রোববার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ২৬টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার ঘনফুট পাইপ জব্দ করে। এরপর এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় দারাগাঁওয়ের বাসিন্দা আব্দুল করিম ও কুদ্দুছ মিয়াকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে করিমকে এক বছর এবং কদ্দুছ মিয়াকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এসিল্যান্ড মিল্টন চন্দ্র পাল জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে কারাদণ্ড দেয়া হলেও বালু উত্তোলনকারী কয়েকজন পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
