এপ্রিলের প্রথম দিন থেকে কার্যকর হওয়া ঢাকা ওয়াসার পানির বর্ধিত মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে শুনানি নিয়ে সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্র্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২২ (৩) ধারা অনুযায়ী পানির দাম বাড়িয়ে গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের জারি করা অফিস আদেশ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং আইনের এই ধারাটি কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্র্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসার পানির দাম ২৫ শতাংশ বাড়িয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা অফিস আদেশটি চ্যালেঞ্জ করে ১৫ জুন হাইকোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। ২২ জুন বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এক আদেশে ঢাকা ওয়াসার পানির বর্ধিত দাম আদায়ের ওপর ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ওয়াসা।
শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের ভার্চ্যুয়াল চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান ৩০ জুন এক আদেশে হাইকোর্টের ওই নিষেধাজ্ঞার ওপর ১৬ সপ্তাহের জন্য স্থাগিতাদেশ দেন। পরে ৭ জুলাই সংশোধিত আদেশে নিয়মিত আদালত খোলা পর্যন্ত হাইকোর্টের ওই আদেশটির ওপর স্থগিতাদেশ দেয় চেম্বার আদালত। যাতে ওয়াসার পানির বর্ধিত দাম নিতে বাধা কাটে।
রিট আবেদনকারী ব্যারিস্টার তানভীর আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্টের ভার্চ্যুয়াল আদালতের ওই সিদ্ধান্তটি চেম্বার আদালত নিয়মিত আদালত খোলা পর্যন্ত স্থগিত রাখে। এরই ধারাবাহিকতায় নিয়মিত আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে রুল দিয়েছে হাইকোর্টের এই বেঞ্চ।’
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর-উস-সাদিক।
