নির্বাচনে কারচুপি: পদত্যাগ করলেন কিরগিজস্তানের প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১০:১৮ এএম

ব্যাপক বিক্ষোভের মুখে কিরগিজস্তানে সদ্য অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের ফল বাতিলের পাশাপাশি পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কুবাতবেক বরোনোভ।

রাশিয়াপন্থী প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভের অনুচর হিসেবে পরিচিত বরোনভ। পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাদির জাপারভ, যাকে বিক্ষোভকারীরা একদিন আগে কারামুক্ত করেছেন।

এর আগে বিরোধী দলগুলো পার্লামেন্টের নিয়ন্ত্রণ করায়ত্ত করে। সেই সঙ্গে রোববার অনুষ্ঠিত কারচুপিপূর্ণ নির্বাচনের ফল বাতিলের দাবি জানায় তারা।

আপামর জনতার বিক্ষোভের মুখে এরই মধ্যে নির্বাচনের ফল বাতিল করেছে কিরগিজস্তানের নির্বাচন কমিশন।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, অপ্রত্যাশিতভাবে প্রেসিডেন্ট জিনবেকভের অনুসারি দলগুলো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এরপরই এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভে নামে বিরোধীরা।

এদিকে, আন্দোলন ও নির্বাচনের ফল বাতিলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বরোনভ সরে দাঁড়ালেও প্রেসিডেন্ট জিনবেকভ এখনো ক্ষমতায় রয়েছেন। তবে ইঙ্গিত দিয়ে বলেছেন, সরে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছেন তিনি।

বিবিসিকে এর আগে জিনবেকভ বলেন, তিনি ‘শক্তিশালী নেতৃবৃন্দের কাছে তিনি দায়-দায়িত্ব দিতে প্রস্তুত’। তবে ক্ষমতা কাদের কাছে হস্তান্তর করতে চান এ ব্যাপারে কিছু বলেননি কিরগিজ প্রেসিডেন্ট।

কিরগিজস্তানের আইন অনুযায়ী, পার্লামেন্টে আসন নিশ্চিত করতে হলে কোনো দলকে ন্যূনতম ৭ শতাংশ ভোট পেতে হয়। রোববারের নির্বাচনে অংশ নেওয়া ১৬টি দলের মধ্যে মাত্র ৪টি দল এ শর্ত পূর্ণ করেছে; এই চার দলের মধ্যে তিনটিই প্রেসিডেন্টের পক্ষের শক্তি।

নির্বাচনের এই ফলের পরই ফোঁসে ওঠে পুরো কিরগিজস্তান। তারা পার্লামেন্ট ভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তারা কারাগারে ১১ বছরের সাজায় থাকা জাপারোভ ও সাবেক প্রেসিডেন্ট আলমাসবেক আতামবায়েভকে মুক্ত করে আনেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত