আবরার স্মরণে পলাশী মোড়ে ‘আগ্রাসন বিরোধী আট স্তম্ভ’

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০৫:০৩ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে রাজধানীর পলাশী মোড়ে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। ‘আগ্রাসন বিরোধী আট স্তম্ভ’ নামে এই স্মৃতিস্তম্ভটি তৈরি করেছেন ছাত্র অধিকার পরিষদের কর্মীরা।

মঙ্গলবার মধ্যরাতে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে পরিষদের নেতা-কর্মীরা 'আবার ফাহাদ স্মৃতি সংসদ' ব্যানারে এই স্তম্ভ তৈরি করেন।

imageএর ফলকে লেখা হয়েছে 'অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে'। আবরার ফাহাদ তার ফেইসবুক প্রোফাইলেও ওই উক্তি ব্যবহার করেছিলেন।

নিজেকে আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক হিসেবে দাবি করে আখতার বলছেন, সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা এই আটটি বিষয়ের প্রতীক হিসেবে তারা আটটি স্তম্ভ বানিয়েছেন।

তিনি বলেন, আপনারা জানেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েট শিক্ষার্থী আবরার আজ থেকে এক বছর আগে ঠিক এই রাতেই ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। তাই আমরা এই স্থাপনাটির নাম দিয়েছি আগ্রাসন বিরোধী আট স্তম্ভ।

ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডরে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি।

ওই ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারনামীয় ১৯ জন এবং তদন্তে প্রাপ্ত এজাহারবহির্ভূত ছয়জন রয়েছেন। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৬ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন। গত ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির সবার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।

আবরার হত্যার এক বছর হয়ে গেলেও বিচার শেষ না হওয়ায় বুধবার বিকেলে পলাশী মোড়ে আট স্তম্ভের সামনে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতা আখতার হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত