বরিশালে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবন হাওলাদার (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। অভিযুক্তের বিচার দাবি করেছেন ধর্ষণের শিকার ছাত্রীর স্বজনরা। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পুলিশ।
গত মঙ্গলবার দুপুরে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া এলাকায় ওই ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ছাত্রী (১৪) স্থানীয় সাহেবেরহাট ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
ধর্ষণের শিকার ছাত্রীর মা জানান, তাকে ধর্ম মা ডেকে তার বাসায় যাতায়াত করতো আটক যুবক। মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তার মেয়েকে ধর্ষণ করে সে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক জীবন হাওলাদার (২৯) খুলনার রূপসা ব্রিজ সংলগ্ন বউবাজার এলাকার আলতাফ হাওলাদারের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আটক জীবনের বিরুদ্ধে নির্যাতনের শিকার ছাত্রীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
