করোনায় ‘অন্যরকম দুর্গাপূজা’র গান শোনালেন ইন্দ্রনীল সেন

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১১:১১ পিএম

করোনা আবহে এবার পুজোটা কেমন যেন ম্রিয়মান। মহালয়া হয়ে গিয়েছে সেই কবে, পুজো শুরু হতেও হাতে মাত্র কয়েকটা দিন বাকি। তবু না আছে ঢাকের বাদ্যি, না আছে পুজোর গন্ধ। এবার পুজোটা যেন বড়ই অন্যরকম। নিজের নতুন গানে সেই অন্যরকম দুর্গাপূজার কথাই বললেন গায়ক ইন্দ্রনীল সেন।

''ঢাকের কাঠি পড়ল বলে, মা আসছেন বছর ঘুরে/ কাঁসর ঘণ্টা শুনবো আবার, শাঁখ বাজবে নতুন ভোরো'', পুজোর গানে এভাবেই আশার আলো শোনালেন গায়ক ইন্দ্রনীল সেন। যতই করোনা আবহ থাক, বাঙালি কখনও পুজোর আনন্দ করতে ভুলবে না। সেকথা মাথায় রেখেই, গানে ইন্দ্রনীল সেন বললেন, ''নতুন জামা, নতুন কাপড়, একটু হলেও পরতে হবে, ধূপ-ধুনুচি, অকালবোধ অন্যভাবে দেখতে হবে।'' পাশাপাশি, 'অন্যরকম দুর্গাপূজা' গানের মাধ্যমে এই পুজোয় মানুষদের সমস্তরকম সুরক্ষা বজায় রাখার অনুরোধ করেছেন ইন্দ্রনীল সেন।

অন্যরকম দুর্গাপূজা গানটির রচয়িতা ইন্দ্রনীল সেন এবং গৌতম নাগ; সুরকার  প্রবুদ্ধ ব্যানার্জি। গানটি শুনে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় পঞ্চমুখ শ্রোতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত