সীমান্তে শিশুদের চোরাচালান

সচেতন করতে বিজিবিকে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০১:৫৫ এএম

দেশের সীমান্ত এলাকার শিশুরা চোরাচালানসহ অন্য কোনো অপরাধে যাতে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সীমান্তে সচেতনতা ও অনুপ্রেরণামূলক পদক্ষেপ নিতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিলেটের জৈন্তাপুরে চোরাচালানসংক্রান্ত মামলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রকে আসামি করার ঘটনায় বিজিবির এক কর্মকর্তা গতকাল বুধবার হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

ওই শিশুকে ১৯ বছর দেখিয়ে মামলার আসামি করায় হাইকোর্টের তলবে গতকাল হাজির হন সিলেটের জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. সাহাবউদ্দিন। তিনি ঘটনার জন্য লিখিতভাবে ক্ষমা প্রার্থনা এবং দুঃখ প্রকাশ করে মার্জনা চান। আদালত তাকে ক্ষমা করে। একই সঙ্গে চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে বিচারিক আদালতে মামলার হাজিরা থেকে অব্যাহতির আদেশ দেয় হাইকোর্ট।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর জৈন্তাপুরের খিলাতৈলে জনৈক শামসুল হকের বাঁশঝাড়ে ভারত থেকে চোরাইপথে আসা ২০টি মহিষ বাড়িতে এনে রাখা হয়েছে সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সেখানে যায় বিজিবি। জব্দ তালিকার প্রস্তুতি নিলে কতিপয় দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালিয়ে ১৫টি মহিষ ছিনিয়ে নেয়। এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার সাহাবউদ্দিন জৈন্তাপুর থানায় মামলা করেন। মামলার আসামিরা হাইকোর্টে জামিনের আবেদন করলে আবেদনে একজন নিজেকে চতুর্থ শ্রেণির ছাত্র হিসেবে উল্লেখ করে। আসামিপক্ষের দাবি ওই শিশুর বয়স ১৯ বছর। ২০ সেপ্টেম্বর হাইকোর্ট ১০ আসামিকে জামিন দিয়ে এ ঘটনার ব্যাখ্যা দিতে মামলার বাদীকে ৭ অক্টোবর (গতকাল) হাজির হতে বলে।

আদালতে ওই শিশুসহ জামিনপ্রার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও মো. জাহাঙ্গীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত