বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার অগ্রাধিকার সহযোগী দেশ বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান। গতকাল বুধবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের দ্রুত শিল্পায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার অন্যতম অগ্রাধিকার সহযোগী দেশ।’ সৌজন্য সাক্ষাতে ভূমিমন্ত্রী দুই দেশের কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও নিবিড় করতে আশাবাদী বলে জানান।
দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে ভূমি মন্ত্রণালয়ের ‘উদ্ভাবনী পুরস্কার ২০১৯-২০’ ও ‘শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯’ প্রদান করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. দৌলতুজ্জামান খান ও ভূমি মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর মো. জাহিদুল ইসলাম নিজ নিজ ক্যাটাগরিতে ‘শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯’ অর্জন করেন।
