চীনা নাগরিক হত্যার মূল সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০৪:১৬ পিএম

অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী (বেকুটিয়া) সেতুর প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক মি. লাওফাং (৫৮) হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি সিরাজ শেখকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত আড়াইটার দিকে পিরোজপুর পৌর এলাকার কুমারখালী একটি বসতবাড়ির বাগান থেকে তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সিরাজ শেখ সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আ. ছত্তার শেখের ছেলে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সিরাজকে ছুরিকাঘাত করতে স্থানীয় এক নারী দেখেছে এমন তথ্যের ভিত্তিতে পিরোজপুর ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়। 

এর আগে বুধবার রাতে চীনা শ্রমিক হত্যার অভিযোগে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রকল্প কর্মকর্তা চাও চিং হুয়া বাদী হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, হত্যার ঘটনায় সিরাজ নামে একজনকে আটক করা হয়েছে। তবে আটক সিরাজই এ ঘটনার মূল হোতা বা আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

বুধবার সন্ধ্যা রাতে পিরোজপুরের সদর উপজেলার কুমিরমারা এলাকায় চীনা নাগরিক লাওফাংকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম লাওফাং হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত