বিজিবি-বিজিপির বৈঠকে নিয়মিত যৌথ টহল আবার শুরুর সিদ্ধান্ত

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১১:৪৪ পিএম

করোনাভাইরাসের কারণে প্রায় এক বছর পর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সৌজন্য বৈঠক হয়েছে। এ সময় সীমান্ত সুরক্ষায় নিয়মিত যৌথ টহলের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিজিবি।

বৃহস্পতিবার বিকেল ৩টায় সীমান্তে ঘুমধুমের ফ্রেন্ডশিপ ব্রিজের নিকটে ব্যাটালিয়ন পর্যায়ের এ বৈঠক হয়।

কক্সবাজার সদর বিজিবির দপ্তরের অপারেশন অফিসার লে. কর্নেল সরকার মাহমুদ মোস্তাফিজুর রহমানের নেত্বত্বে বিজিবি’র ১১ সদস্য বৈঠকে অংশ নেন।

অপর দিকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিেশের (বিজিপি) পক্ষে নেতৃত্ব দেন ২ নম্বর সেক্টরের লে. কর্নেল চে নাইং।

বৈঠক শেষে মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের
বলেন, সৌজন্য সাক্ষাতটি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী নিয়মিত ইস্যু। আমরা নিয়মিতভাবেই ব্যাটালিয়ন পর্যায়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকি। যেহেতু বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারণে আমরা নিয়মিত সাক্ষাতের আয়োজন দীর্ঘদিন করতে পারিনি। তাই আজ প্রয়োজনীয় নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের আলোচনায় দুই দেশের নিয়মিত যৌথ টহল পুরনায় শুরু করার পাশাপাশি কার্যকরী সীমান্ত সুরক্ষার বিষয়ে আলোচনা হয়।

তিনি বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। আমরা আমাদের প্রতিবেশী দেশের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তাই আমরা আমাদের প্রতিবেশী দেশ

মিয়ানমারের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে সীমান্ত সুরক্ষা করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মনে করি আলোচনার মাধ্যমে সীমান্ত সুরক্ষার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব। আমাদের

এ ধরনের সৌজন্য সাক্ষাৎ বিওপি পর্যায়ে থেকে ব্যাটালিয়ন পর্যায় পর্যন্ত নিয়মিতভাবেই শুরু হবে এবং তা স্বাভাবিক নিয়মে চলমান থাকবে।

তিনি বলেন, এ ছাড়া বৈঠকে সীমান্তে ইয়াবা পাচার, চোরাচালান, অনুপ্রবেশসহ সব বিষয়ে আলোচনা হয়েছে। তাদের পক্ষ থেকে বিষয় গুলো আন্তরিকতার সাথে দেখা হবে বলে আমাদের আশ্বস্ত করেছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী উচ্চতর পর্যায়ে নিয়মিত আলোচনা স্বাভাবিক নিয়মেই চলমান আছে।

এ সময় কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ, নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির অধিনায়ক শাহ আবদুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত