নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে কাজি আনোয়ার পারভেজ ওরফে এনামুলকে আটক করে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে গুরুদাসপুর পৌর শহরের গাড়িষাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে। রাত ৮টার দিকে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল ওই আদালত পরিচালনা করে কাজিকে ছয় মাসের জেল এবং বর সুরুজ আলীকে ১০ হাজার টাকা জরিমানার রায় দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজি আনোয়ার পারভেজ ওরফে এনামুল কাজির বাড়ি থেকে তাদের আটক করা হয়। উপজেলার বিয়াঘাট ঘাটপাড়া গ্রামের আফসার আলীর ছেলে সুরুজ আলীর সঙ্গে পৌর এলাকার বাসিন্দা নবম শ্রেণির ওই ছাত্রীকে (১৪) গোপনে কাজির বাড়ি নিয়ে এসে বিয়ে দিচ্ছিলেন। আবু রাসেল বলেন, প্রকৃতপক্ষে কাজিদের কারণে বাল্যবিয়ে সংঘটিত হয়। বাল্যবিয়ে নিরোধ আইনে তাদের জেল ও জরিমানা করা হয়েছে। রাতেই ওই কাজিকে নাটোর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
