জলমহাল দখল নিয়ে তিন খুন

দিরাইয়ে মেয়রসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১১:৩৯ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া জলমহাল দখল নিয়ে আলোচিত তিন খুনের মামলায় দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, তার দুই ছেলে উজ্জ্বল মিয়া ও তাজবীর মিয়া এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ গত বৃহস্পতিবার দিরাই থানা পুলিশের হাতে পৌঁছেছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন দিরাই থানার এসআই গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ।

এ মামলায় এর আগে পুলিশ, সিআইডি এবং পরে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে এই ৫ আসামিসহ মোট ১৪ জনকে অব্যাহতি দিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জশিট দাখিল করা হয়।

বাদীর আপত্তি সত্ত্বেও ম্যাজিস্ট্রেট কোর্ট চার্জশিট আমলে নিলে ওই আদেশের বিরুদ্ধে বাদী একরার হোসেন ফের নারাজি দিয়ে দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন। বাদীর আবেদন আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টের ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারির আদেশ রদ ও রহিত করে চলতি বছরের ১০ আগস্ট দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার মামলাটি অধিকতর তদন্তের জন্য র‌্যাবকে দায়িত্ব দিয়ে আদেশ দেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত ৭ অক্টোবর ওই পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত