আশাশুনিতে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০১:৪৩ এএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদন্ডা গ্রামে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রধান শিক্ষক গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার সকালের এই ঘটনায় অভিযোগ পেয়ে বিকেলে শিক্ষক মইনুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে মইনুর রহমান স্কুলছাত্রীর বাড়িতে যাতায়াত করত। এদিন সকালে প্রধান শিক্ষক স্কুল ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুবাদে বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে প্রধান শিক্ষক মইনুর রহমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

তিনি বলেন, মেয়েটির বাবা ও এলাকার মানুষ বিকেলে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনাটির সত্যতা যাচাই করে অভিযুক্ত মইনুর রহমানকে গ্রেপ্তার করেন।

ওসি গোলাম কবির জানান, অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত