যুব অধিকার পরিষদের চায়ের আড্ডায় হামলার অভিযোগ

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১০:৩৯ পিএম

নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সদস্যদের চায়ের আড্ডায় হামলার অভিযোগ পাওয়া গেছে। 

স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ অতর্কিতে তাদের ওপর হামলা চালায় বলে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর, বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আতাউল্লাহ ও সদস্য সচিব ফরিদুল হক এক বিবৃতিতে দাবি করেন। 

বিবৃতি তারা বলেন, স্থানীয় সরকার দলীয় সেলিম মাঝি, ইব্রাহিম হাওলাদার, বাদশা এবং শরীফের নেতৃত্বে হামলায় প্রায় ১৪/১৫ জন যুব অধিকার পরিষদের সদস্য আহত হন।

যুব অধিকার পরিষদে জড়িতদের এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের।

হামলায় জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। 

তবে যোগযোগ করা হলে নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, বিষয়টি আমাদের জানা নেই। কেউ অভিযোগও করেনি। সাংবাদিকদের মাধ্যমে অবহিত হওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত