কলমাকান্দায় ভারতীয় কাপড়সহ ৪ চোরাকারবারি আটক

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০৮:৪৫ এএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় দুই হাজার ৫৮৯ পিস ওড়না, ২৬ পিস শাড়ি ও ২টি টায়ারসহ চার চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

নগদ ৩৬ হাজার টাকা এবং উদ্ধারকৃত ভারতীয় পণ্যসহ এ কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ দেখিয়ে সোমবার বিকেলে পাঁচজনকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ আইনে পুলিশ বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা করেছে।

একজন পালিয়ে গেলেও চারজনকে আটক করতে পেরেছে পুলিশ।

সোমবার বিকেলেই আটককৃত চারজনকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় কলমাকান্দা থানা পুলিশ।

এ মামলায় আসামিরা শেরপুর জেলার দুইজন সদর উপজেলার বলাইরচর গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে ও বিজিবি’র চাকরিচ্যুত সিপাহী মো. নুরুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার নামা শেরীররচর গ্রামের মো. হানিফ উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৬)।

নেত্রকোনার কালমাকান্দা উপজেলার তিনজন হলেন- রামপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. কবির হোসেন (২৪), লেংগুড়া গ্রামের মো. হালিম মৃধার ছেলে মো. রুহুল আমিন (২৫) ও ডাইয়ারকান্দা গ্রামের মাসুদ (৩০)। এদের মধ্যে মাসুদ পলাতক রয়েছে।

জানা যায়, গত রবিবার দিনগত রাতে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নৌকাযোগে কলমাকান্দার উপজেলার ডাইয়ারকান্দা ঘাটে এনে ভারতীয় পণ্য ট্রাকে লোড করা হচ্ছে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার ভোর রাতে উপজেলার সদরে রেইট্রিতলা আওয়ামী লীগ অফিসের সড়কের সামনে চেকপোস্ট বসিয়ে ট্রাকটিকে থামায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ নামে একজন দৌঁড়ে পালিয়ে গেলেও চারজনকে আটক করে পুলিশ। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে দুই হাজার ৫৮৯ পিস ওড়না, ২৬ পিস শাড়ি ও ২টি টায়ার দেখতে পায় এবং পরে এসব ভারতীয় পণ্যসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

কলমাকান্দার থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান এ ঘটনার সত্যতা দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, ১৯৭৪ সালের বিশেষ আইনে চোরাচালানের মাধ্যমে আনায়ন ও সহায়তা করার অপরাধে পাঁচজনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এদের মধ্যে আটককৃত চারজনকে আজ (সোমবার) বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত