বাগেরহাটে ক্যাবল কাটা পড়ায় বিকল সরকারি ৪০০ টেলিফোন সংযোগ

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০১:২৩ পিএম

বাগেরহাটে বিটিসিএলের বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ক্যাবল কাটা পড়ে সাড়ে চারশ টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে বিচার বিভাগ, জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তর।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের শহরের সাহাপাড়া এলাকায় কালভার্টের সংস্কার কাজের সময় বিটিসিএলের ক্যাবল কাটা পড়ায় এসব টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার সকাল থেকে বিটিসিএল কর্তৃপক্ষ কাটাপড়া ক্যাবল মেরামতের কাজ শুরু করেছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বাগেরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (কারিগরি) নাসিফ কবির আকাশ দুপুরে এই প্রতিবেদককে বলেন, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার রাস্তার উন্নয়নকাজ চলছে।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের সাহাপাড়া এলাকায় কালভার্টের সংস্কার কাজের সময় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান অসাবধানতাবশত বিটিসিএলের দুটি প্রাইমারি এবং একটি সেকেন্ডারি ক্যাবল কেটে ফেলে। ওই সড়কের যেসব স্থানের উপর দিয়ে বিটিসিএলের ক্যাবল গেছে সেসব স্থানে আমাদের না জানিয়ে খোঁড়াখুঁড়ি করায় ক্যাবল কাটা পড়ে।

এতে বাগেরহাটের গুরুত্বপূর্ণ বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের প্রায় সাড়ে চারশ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার সকালে আমরা ওই কাটা ক্যাবলের সংযোগ মেরামতের কাজ শুরু করেছি।

এই কাজে একটু সময় লাগবে। যত দ্রুত সম্ভব আমরা বিচ্ছিন্ন হয়ে পড়া সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর টেলিফোন সংযোগ দেয়ার চেষ্টা করছি।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার রাস্তার উন্নয়নকাজ চলমান রয়েছে। বিটিসিএল কর্তৃপক্ষের সমন্বয়ে আমরা এই মহাসড়কের উন্নয়নকাজ করছি।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের সাহাপাড়া এলাকায় কালভার্টের সংস্কার কাজের সময় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান অসাবধানতাবশত বিটিসিএলের দুটি প্রাইমারি এবং একটি সেকেন্ডারি ক্যাবল কেটে ফেলে। এতে বেশ কিছু সরকারি দপ্তরের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত