সাতক্ষীরার কালীগঞ্জে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক মাহাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দেবহাটার কুলিয়া দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ওই গ্রামের মৃত মেনা মোল্যার ছেলে। এর আগে ছাত্রীর বাবা গতকাল রাতে কালিগঞ্জ থানায় মাহাফিজুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।
কালীগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, নির্মাণ শ্রমিক মাহাফিজুলের খালার বাড়ি কালীগঞ্জের বসন্তপুর গ্রামে। খালার বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যাওয়ার সুবাদে মাহাফিজুলের কুনজর পড়ে স্কুলছাত্রীর ওপর।
গতকাল সকালে খালার বাড়ির পাশে একটি বাগানে স্কুলছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করার অভিযোগ উঠে মাহাফিজুলের বিরুদ্ধে।
স্থানীয়রা টের পেলে অভিযুক্ত পালিয়ে তার গ্রামের বাড়িতে চলে আসে। রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মাহাফিজুলকে আসামি করে থানায় মামলা করে। সকালে কুলিয়া দুর্গাপুরে আসামির গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে মাহাফিজুলকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরও জানান, ছাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিকেল টেস্ট করানোর জন্য ভর্তি করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া চলছে এবং আসামি মাহাফিজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।
