শাহজাদপুরে ইউপি নির্বাচন

২ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, মাইক ভাঙচুর

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১১:৫৮ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৬ নম্বর পোরজনা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে সামনে রেখে দুই স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ও রিকশা ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, গত সোমবার তাদের নির্বাচনী প্রচারণায় হামলা চালায় আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন বাবুর সমর্থকরা। এছাড়া প্রতিদিন অর্ধশতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে তারা। এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগও করেন ভুক্তভোগীরা।

স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম শাহীন (প্রতীক ঘোড়া) বলেন, গত সোমবার রাতে নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার সময় নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বাবুর সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী অতর্কিত আমার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এছাড়া আমার প্রচার মাইক ও রিকশা ভাঙচুর করে। এ সময় আমার দুই হাজার পোস্টার ছিনিয়ে নেয় নৌকার সমর্থকরা। মনোনয়ন পাওয়ার পর থেকেই বহিরাগত মাস্তান দিয়ে পুরো নির্বাচনী এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন বাবু।

অন্য স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম রওশন বলেন, সোমবার বিকেলে আমার প্রচার মাইক পোরজনা বাজার অতিক্রম করার সময় রিকশাচালককে মারধর করে মাইক ছিনিয়ে নেয় ও পোস্টার ছিঁড়ে ফেলে নৌকা প্রতীকের সমর্থকরা। এ সময় আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আনোয়ার হোসেন বাবু ভোট ডাকাতি করার পাঁয়তারা করছেন বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন বাবু জানান, তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি তার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা করেছে কি না তাও তার জানা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত