গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের দাবি, দেবরের সঙ্গে পরকীয়া সন্দেহে তাকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের নাম হেনা বেগম (৪০)। তিনি কালিয়াকৈরের তালুক শিমুলতলী এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বজনদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার এসআই সামসুদ্দোহা জানান, প্রায় এক যুগ আগে টাঙ্গাইলের মির্জাপুর থানার চিতেশ^রী এলাকার হযরত আলীর মেয়ে হেনা বেগমকে বিয়ে করেন জসিম উদ্দিন। এ দম্পতির কোনো সন্তান নেই। প্রতিদিনের মতো গত সোমবার রাতে খাবার খেয়ে স্বামীর সঙ্গে ঘুমিয়ে পড়েন হেনা। মঙ্গলবার সকালে ঘুমন্ত হেনা বেগমকে ঘরে রেখে তার স্বামী বাড়ির পাশে জমিতে কাজ করতে যান। পরে জসিমের ছোট ভাইয়ের স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো হেনা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা হেনাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, দেবরের সঙ্গে পরকীয়া সন্দেহে স্বামীর অনুপস্থিতিতে হেনাকে তার দেবরের স্ত্রী ও শাশুড়ি হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
