রাশিয়া যুক্তরাষ্ট্রকে ‘স্পুটনিক-ভি’র তথ্য দেবে

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১২:৫৬ এএম

যুক্তরাষ্ট্রের প্রধান সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসির কাছে করোনাভাইরাসের ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’র বিস্তারিত তথ্য দিতে প্রস্তুত রাশিয়া। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি সম্পর্কে বিস্তারিত তথ্য না থাকায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক ডা. ফাউসি।

এ বিষয়ে প্রশ্ন করলে দিমিত্রিয়েভ বলেন, ‘তিনি যদি চান আমরা এটি (ভ্যাকসিন) সম্পর্কে সব কিছু তাকে খুশি মনে ব্যাখ্যা করব। আমার মনে হয়, ভ্যাকসিনটি কীভাবে কাজ করে সে বিষয়ে তিনি গবেষণা করলে সেটাই সবচেয়ে ভালো হয়।’

রুশ এ কর্মকর্তা আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিদ্যমান দেয়াল টপকাতে পারা মানুষদের মধ্যে অন্যতম হতে পারেন ডা. ফাউসি।

কিরিল দিমিত্রিয়েভ বলেন, ‘সেক্ষেত্রে ডা. ফাউসিকে রাজনৈতিক ব্যক্তি হলে চলবে না, এর বদলে ভ্যাকসিনের দিকেই বেশি মনোযোগী হতে হবে।’

তবে বিষয়টি অনেক বেশি আদর্শবাদী বলেও স্বীকার করেছেন আরডিআইএফ প্রধান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত