সাভারের আশুলিয়ায় একটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বুধবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত সিডকো গ্রুপ নামের কারখানার সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানাটিতে ছয় শতাধিক শ্রমিক কাজ করলেও কয়েক মাস থেকে কারখানা কতৃ©পক্ষ নির্দিষ্ট সময়ে তাদের বেতন পরিশোধ করছে না। গত মাসের ২০ সেপ্টেম্বর কারখানা কর্তৃপক্ষ, বিজিএমইএ ও শিল্প পুলিশের উপস্থিতিতে অক্টোবর মাসের ১১ তারিখে বেতন দেওয়ার কথা দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ নির্দিষ্ট তারিখে বেতন দিতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন।
একপর্যায়ে রাত ৮টার দিকে শিল্প পুলিশের কর্মকর্তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ১৫ অক্টোবর বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়ে বাড়ি চলে যান। কিন্তু ১৩ অক্টোবর সকালে শ্রমিকরা কারখানায় যোগদান করতে গিয়ে বন্ধের নোটিস দেখতে পান। নোটিসে ১৩/১ ধারায় কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছেন। এ সময় ১৭ অক্টোবর মালিকের বাড়ি ঘেরাও করার ঘোষণা দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
শহিদুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, করোনা মহামারীর এই সংকটে আমরা চাকরি হারালে সবাই না খেয়ে মারা যাব। এত শ্রমিক কী করব, কোথায় যাব। নতুন করে কোনো কারখানায় চাকরিও নিতে পারব না।
এ ব্যাপারে বিজিএমইএর সাভার ও আশুলিয়া অঞ্চলের ক্রাইসিস কমিটির পরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, আসলে কারখানায় কোনো অসন্তোষের সৃষ্টি হলে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিতে পারে। আমরা কারখানার মালিকের সঙ্গে কথা বলছি বিষয়টি সমাধান করার জন্য। তবে কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
বাংলাদেশ বস্ত্র ও পোশাকশিল্প শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা সারোয়ার হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষের বেআইনি ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। অবিলম্বে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের সুষ্ঠুভাবে কাজে যোগদান নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি।
