মোংলার দিগরাজের বাঁশ বাজার এলাকায় সাবির খান (৯) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শিশুটির পরিবার আর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘরের বারান্দার ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী জানান, মোংলার শিল্পাঞ্চলের একটি গ্যাস কোম্পানির ইলেকট্রিশিয়ান মো. হোসেনের ছেলে সাবির খাঁন নৌবাহিনী স্কুলের ৩য় শ্রেণির ছাত্র। বুধবার বিকেলে মোবাইলে গেম খেলা নিয়ে তাদের দুই ভাইয়ের ঝগড়ার এক পর্যায়ে সাবির রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বারান্দায় শিশুটিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় তার পরিবার। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুর লাশটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে তার আত্মহত্যার প্রমাণ পেয়েছেন।
তবে এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। ওই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, মাত্র নয় বছরের শিশু কী করে একা একা আত্মহত্যা করতে পারে। এটা কখনো বিশ্বাসযোগ্য নয় বলে তিনি মনে করেন।
