আদমদীঘিতে সরকারি ২৬৪ বস্তা চাল জব্দ

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১২:৪৩ এএম

বগুড়ার আদমদীঘিতে গতকাল বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সময় ২৬৪ বস্তা চাল আটক করেছে। ডিলার বেলাল হোসেনের খাদ্যগুদাম থেকে এসব চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক। তবে এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার দুই চালককে আটক করা হলেও ডিলার বেলাল হোসেন (৫৫) পালিয়ে যান। বেলাল পূর্ব ছাতনী গ্রামের মৃত সোলায়মান হোসেনের ছেলে। জব্দ করা চাল ৫০ কেজি ওজনের ৩০ বস্তা ও ৩০ কেজি ওজনের ২৩৪ বস্তা।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার ইউনিয়নের হেলালিয়াহাট এলাকায় ডিলার বেলাল হোসেনের খাদ্যগুদাম। ঘটনার দিন ভোরে তিনি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে পার্শ্ববর্তী নওগাঁর চ-িপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী সাহার আলীর কাছে চাল বিক্রি করে পাচার করছিলেন। এ সময় স্থানীয় লোকজন চাল আটক করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

পরে সহকারী কমিশনার (ভূমি), সান্তাহার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) কৃষ্ণ কুমার, সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওইসব চাল জব্দ করেন।

অন্যদিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের কামারখন্দ হাটখোলা এলাকায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখা ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫ বস্তা চালসহ আল মাহমুদ নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক চাল ব্যবসায়ী মাহমুদ কামারখন্দ গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

কামারখন্দ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জানান, কামারখন্দ বাজারে মেসার্স মেহেদী ট্রেডার্সে সরকারি চাল মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৩৫ বস্তাসহ আল মাহমুদকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপসহকারী খাদ্য পরিদর্শক আতিকুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত