ঠাকুরগাঁও শহরে ফ্রেন্ডস অ্যাপোলো ক্লিনিকে কর্তৃপক্ষের অবহেলায় মাহবুবা আক্তার (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। ওই প্রসূতি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের শাসর গ্রামের সাদেকুল ইসলামের স্ত্রী।
সাদেকুল ইসলামের ভাষ্যমতে, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফ্রেন্ডস অ্যাপোলো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক আবিদা সুলতানা তার স্ত্রী মাহবুবার সিজারিয়ান অস্ত্রোপচার করেন। এর কিছুক্ষণ পর মাহবুবার রক্তক্ষরণ শুরু হয়। সাদেকুল অভিযোগ করেন, ক্লিনিকের নার্সদের একাধিকবার বিষয়টি জানালেও তারা সাড়া দেননি। ক্লিনিকের নার্স ও কর্তৃপক্ষ সেবা না দিয়ে উল্টো তাকে গালাগাল দেন। অতিরিক্ত রক্তক্ষরণে গত মঙ্গলবার বিকেলে স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। এ সময় কর্তৃপক্ষ রোগীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। মাহবুবাকে দিনাজপুরে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।
এ বিষয়ে চিকিৎসক আবিদা সুলতানা বলেন, ‘অপারেশন ভালো হয়েছে। এরপর বাচ্চা ও মা সুস্থ ছিলেন। কিন্তু ক্লিনিকে অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।’ ক্লিনিকের মালিক বাবলুর রহমান গত মঙ্গলবার রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘এই মুহূর্তে আমি ঢাকা অবস্থান করায় কিছু বলতে পারছি না।’
