ধর্ষণের বিচার পাইয়ে দেওয়ার কথা বলে দুই দফায় আরও ৫ জন ধর্ষণ করেছে এক বিধবা নারীকে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নৈকাহন বাজার এলাকায়।
এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনার প্রধান আসামি আলী আকবর (৫০) কে গেªফতার করেছে পুলিশ।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৭ অক্টোবর রাতে ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার হন তিনি। পরে এই ঘটনার মীমাংসার কথা বলে আরও তিনজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। একই রাতে আরও দুই ব্যক্তির দ্বারা দ্বিতীয় দফায় ধর্ষণের শিকার হন ওই নারী।
এ ঘটনায় গত বুধবার রাতে নির্যাতনের শিকার নারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন, আড়াইহাজারের নৈকাহনের মৃত বাছির উদ্দিনের ছেলে আলী আকবর (৫০), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মোস্তফা (৫৫), মৃত রহমত আলীর ছেলে আনারুল (৪০), ডা. হোসেন মিয়ার ছেলে লিটন (৩২), খোকা মিয়ার ছেলে তরিকুল ইসলাম (৩৫) ও লস্কর আলীর ছেলে শাহীন (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নৈকাহন বাজারে ওষুধ কিনতে যান। এ সময় আলী আকবর তাকে ডেকে নিয়ে মাছের বাজারের একটি দোকানের সাটার বন্ধ করে ধর্ষণ করে। ওই নারী দোকান থেকে বেরিয়ে আসলে ঘটনা জানতে চান মামলার অপর আসামি মোস্তফা, আনারুল ও লিটন। এই ঘটনার বিচার পাইয়ে দেওয়ার কথা বলে লিটনের পুকুরপাড়ে নিয়ে একই রাত সাড়ে ৮টায় তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। এরপর লিটন মোবাইলের মাধ্যমে শাহীন ও তরিকুলকে ডেকে আনে। ওই রাতের সাড়ে ১০টার দিকে একই এলাকার আলী হোসেনের নির্মাণাধীন ভবনের ছাদে পুনরায় গণধর্ষণের শিকার হন বলে মামলায় উল্লেখ করেছেন বাদী।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
