সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের সলপ স্টেশনের দক্ষিণের ভদ্রকোল গ্রামের ঢাকা-ঈশ্বরদী রেলপথে বুধবার রাতে চলন্ত ট্রেনে কাটা পড়ে সিএনজি চালিত অটোরিকশা চালক শফিকুল ইসলামের (৪৮) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত খসম আলীর ছেলে।
এ বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মো.হামিদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে শফিকুল ইসলাম আত্মহত্যার উদ্দেশ্যে রেলপথের ওই স্থানে তিনি দাঁড়িয়ে ছিলেন। এ সময় লোকজন দৌড়ে তার কাছে পৌঁছানোর আগেই ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। ফলে চলন্ত ট্রেনের নিচে পড়ে তার দুটি পা কাটা পরে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। রাতেই জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
