ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের ২০২০-২১ মৌসুম। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। মৌসুম শুরুর এই টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর।
এদিন বিকেলে বাফুফে ভবনের কনফারেন্স রুমে লিগ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দল বদল, বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে।
আগামী ১ নভেম্বর হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত খেলোয়াড়দের দলবদল অনুষ্ঠিত হবে। কোনো ক্লাব আগের মৌসুমের খেলোয়াড় ছাড়তে চাইলে সেটি ৩০ অক্টোবরের মধ্যে জানাতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
সভায় সবার নজর ছিল দেশি খেলোয়াড়দের নতুন মৌসুমে পারিশ্রমিক ইস্যুতে কি সিদ্ধান্ত আসে। করোনার কারণে বাতিল হওয়া মৌসুমের ৩৫ শতাংশ টাকা নতুন মৌসুমে খেলোয়াড়রা সাইনিং মানি পাবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
লিগ কমিটির আগের সভায় সিদ্ধান্ত হয়েছিল ২৫ শতাংশ টাকা পাবেন খেলোয়াড়রা। তবে ফুটবলারদের দাবি ছিল ৫০ শতাংশ টাকা। এ নিয়ে তারা বুধবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। কাজী সালাউদ্দিন ফুটবলারদের ৪০ শতাংশ পারিশ্রমিকের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে ক্লাবগুলো সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে। এর মধ্যে একজন অবশ্যই এশীয় হতে হবে।
প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে ঢাকা ও এর আশপাশে মোট ৬টি ভেন্যু পর্যবেক্ষণে রেখেছে বাফুফে। পরবর্তী সভায় ৩-৪টি ভেন্যু চূড়ান্ত করা হবে।
