স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহারের কারণে এর স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। তাই পানি ব্যবহারে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। আশা করি করোনাকালে এবং স্বাভাবিক সময়ে পানির অপচয় ও অপব্যবহার রোধে দেশের সব মানুষ সতর্ক থাকবে। একই সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণসহ বিভিন্ন রোগব্যাধি থেকে বাঁচতে সঠিকভাবে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি মি. ধারা জনস্টন উপস্থিত ছিলেন।
মো. তাজুল ইসলাম বলেন, পানি ব্যবহারে সতর্ক না হলে শুধু দেশেই নয়, বিশ্বের কোটি কোটি মানুষ পানিসংকটে পড়বে। পানিসম্পদকে সমৃদ্ধ ও পানিপ্রাপ্তি অব্যাহত রাখার জন্য বিকল্প উৎসের সন্ধান করতে হবে।
তিনি বলেন, আমাদের জীবনে হাত ধোয়া ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি তথা হাইজিন মেনে চলা খুব জরুরি। রোগব্যাধি থেকে মুক্ত থাকতে হাত ধোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধু বাংলাদেশের মানুষই নয়, সারা বিশ্বের অনেক মানুষ হাত ধোয়ার বিষয়ে অসচেতন। মানুষকে সচেতন করতেই এই দিবস উদযাপন করা হয়ে থাকে।
