পুলিশের উদ্যোগে দেশব্যাপী ধর্ষণবিরোধী সমা‌বেশ শনিবার

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১০:২৯ এএম

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ।

সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল বিটে একযোগে একই সময়ে শনিবার সকাল ১০টায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করবেন।

প্র‌তি‌টি সমা‌বেশ স্ব স্ব বি‌টের ফেইসবুক পেজে সরাস‌রি সম্প্রচার করা হ‌বে।

দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ।

পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত