ঢাকা থেকে নোয়াখালীর পথে ধর্ষণবিরোধী লংমার্চ

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০৩:০০ পিএম

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরির লক্ষ্যে রাজধানী ঢাকা থেকে নোয়াখালীর পথে রয়েছে লংমার্চ।

‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা এই কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে লংমার্চ শুরু হয়। এখানে মোর্চার নেতারা বক্তব্য রাখেন।

লংমার্চটি শাহবাগ, গুলিস্তান হয়ে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সমাবেশে মিলিত হয়। সেখান থেকে তারা যাবেন সোনারগাঁও।

লংমার্চ কুমিল্লায় পৌঁছাবে শুক্রবার বিকেলে। কুমিল্লা শহরে সংক্ষিপ্ত সমাবেশ করার পর তা যাবে ফেনীতে।

শনিবার ফেনী শহরে সমাবেশ শেষে দাগনভূঞা, নোয়াখালীর চৌমুহনী হয়ে যাবে বেগমগঞ্জের একলাশপুর। শনিবার বিকেলে সেখান থেকে মাইজদী কোর্টে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে লংমার্চ।

প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করে একদল যুবক ও কিশোর। ছেলের বয়সী ওইসব কিশোর-যুবকের পায়ে ধরেও রেহাই পাননি ৩৫ বছর বয়সী ওই নারী। ভয়ে ৩২ দিন আগের ঘটনাটি কাউকে জানাতেও পারেননি নির্যাতিতা কিংবা তার স্বজনরা।

গত ২ সেপ্টেম্বর রাতের ঘটনার একটি ভিডিওচিত্র গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জানাজানি হয়। এরপর রাজপথে তুমুল বিক্ষোভের মুখে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে অধ্যাদেশ জারি করে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত