ফরাসি লিগ ওয়ানের ক্লাব মপেঁলিয়ের আটজন খেলোয়াড়সহ ১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ফলে তাদের পরবর্তী ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার ক্লাবটি এক বিবৃতিতে, নিজেদের ডেরায় করোনায় আক্রান্তের এ তথ্য জানায়। কভিড-১৯ এ আক্রান্ত অপর চারজন হলেন স্টাফ।
লিগ ওয়ানে মপেঁলিয়ের পরবর্তী ম্যাচ রোববার, মোনাকোর মাঠে। কিন্তু করোনার এই হামলার কারণে তাদের ম্যাচটি বড় অনিশ্চয়তায় পড়েছে।
ক্লাবের পক্ষ থেকে জানানো, শুক্রবার স্কোয়াডের সবাইকে করোনা টেস্ট করানো হবে। এরই মধ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মপেঁলিয়ে বর্তমানে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে আছে। এর আগে ক্লাবটির সাতজন খেলোয়াড় ছোঁয়াচে এই ভাইরাসে সংক্রমিত হন।
