সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, শিশুকে ধর্ষণের চেষ্টা

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০২:৪৭ পিএম

সাভারে আবারও এক গৃহবধূকে ডেকে এনে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পৃথক ঘটনায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. শাকিল (১৬) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নে দলবদ্ধ ধর্ষণ এবং আশুলিয়ায় কুরগাঁও এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বাবলাবনা গ্রামের মইনুল ইসলামের ছেলে রাজু আলী (৩৫) ও একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজ আলী (২০)। ভুক্তভোগী ওই গৃহবধূর বাড়ি জামালপুর জেলায়। তিনি স্বামীর সঙ্গে রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় ভাড়া বাড়িতে থেকে বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

মামলার এজাহার থেকে জানা যায়, বাসাবাড়িতে কাজ করার সুবাদে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে বখাটে যুবক রাজু আলীর পরিচয় হয়। একপর্যায়ে গতকাল সকালে ওই গৃহবধূকে মোবাইল ফোনে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামে নিজ ভাড়া বাসায় ডেকে নেন রাজু আলী।

এ সময় তার সঙ্গে থাকা অপর যুবক রিয়াজ আলী প্রথমে ওই গৃহবধূকে কু-প্রস্তাব দেন। এতে রাজি না হলে জোরপূর্বক তারা ওই গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। এ ছাড়া ধর্ষণে বাধা দিতে চাইলে ভুক্তভোগী ওই নারীকে ব্লেড দিয়ে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকে আটক করে গণধোলাই দেয়।

পরে তাদেরকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং ভুক্তভোগী গৃহবধু বিষয়টি জানিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

অন্যদিকে আশুলিয়ার কুরাগাঁও এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাকিল নামের (১৬) এক কিশোরকে আটক করেছে পুলিশ।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর দায়ের করা মামলা গ্রেপ্তার দেখিয়ে রাজু আলী ও রিয়াজকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত