পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলা অভিনেত্রী পায়েল ঘোষ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের সঙ্গে তিনি বিষয়টি শেয়ার করেছিলেন।
এই পরিচালকের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন পায়েল। তবে অনুরাগ প্রত্যেকটি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
পায়েল রবিবার ইরফান পাঠানকে ট্যাগ করে টুইটারে লিখেছেন, ‘কাশ্যপ আমাকে ধর্ষণ করেছে, এ কথা কখনো আমি বলিনি। কিন্তু আমি ইরফান পাঠানের সঙ্গে সবকিছু শেয়ার করেছিলাম। কিন্তু সে সব জেনেও চুপ ছিল। এক সময় সে আমার ভালো বন্ধু হওয়ার দাবি করেছিল।’
প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগের বিরুদ্ধে পায়েল অভিযোগ করেছিলেন। তার দাবি ছিল, বন্ধ ঘরে পোশাক খুলে তার সঙ্গে অশালীন আচরণ করেছেন অনুরাগ।
অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে অনশন করার হুমকি দেন। এ বিষয়ে তিনি আবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গেও দেখা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে টুইটের মাধ্যমে বিচার চান।
পায়েল আরেকটি টুইটে লিখেছেন, ‘এইটুকু সত্যি কাউকে আঘাত করবে না। মূল কালপ্রিট সামনে এসে এই সত্যিকে অস্বীকার করুক। সত্যিটা এবার সামনে আসুক। এটা যদি আপনার ভেতরের মানুষটাকে ন্যায় বিচার চাওয়ার জন্য জাগিয়ে না তোলে তাহলে কোন সত্যিটা আপনাদের নাড়া দেবে?’
পায়েল জানিয়েছেন, তিনি শেষ পর্যন্ত লড়ে যাবেন।
