কলারোয়ায় ৪ খুন: নিহতের ছোট ভাই রাহানুর রিমান্ডে

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০২:৫৭ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রী খুনের ঘটনায় নিহত শাহিনুরের ছোট ভাই রাহানুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার দুপুরে আমলি আদালত-৪ এর ভারপ্রাপ্ত বিচারক ইয়াসমীন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন। 

সাতক্ষীরা কোর্ট ইন্সপেক্টর অমল কুমার রায় জানান, রবিবার দুপুর ১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইয়াসমিন নাহারের আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন সিআইডির কর্মকর্তা। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ইন্সপেক্টর অমল জানান, এর আগে শুক্রবার বেলা আড়াইটার দিকে কলারোয়ায় চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে নিহতের ছোট ভাই রাহানুর রহমানকে আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাবে না। আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, ১৫ অক্টোবর ভোরে সাতক্ষীরার কলারোয়ার খলসি গ্রামে মাছ ব্যবসায়ী শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মাহি ও মেয়ে তাসনিমকে গলা কেটে হত্যা করা হয়। অক্ষত থেকে যায় ৫ মাস বয়সী শিশু কন্যা মারিয়া।

রাতে শাহিনুরের শাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডি পুলিশকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত