দুবার সময় বাড়িয়েও শেষ হয়নি চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা খালের ওপর সড়ক ও জনপথ বিভাগের নির্মাণাধীন কালারপুল সেতুর কাজ। ফলে এ সেতু দিয়ে চলাচলকারী পটিয়ার পাঁচটি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। জনবল বাড়িয়ে শিগগিরই কাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
অনুসন্ধানে জানা যায়, শিকলবাহা খালের ওপর পাকিস্তান আমলে নির্মিত কংক্রিটের সেতুটি জরাজীর্ণ হয়ে পড়লে বছর কয়েক আগে একটি জাহাজের ধাক্কায় ভেঙে যায়। পরে সেখানে সড়ক বিভাগ বেইলি সেতুর জোড়াতালি দিয়ে কোনো রকমে জনমানুষের চলাচলের ব্যবস্থা করে দেয়। এরপর স্থানীয় এমপি উদ্যোগ নিয়ে সেখানে নতুন সেতু নির্মাণের জন্য ২৬ কোটি টাকা বরাদ্দ আনেন।
সে অনুযায়ী দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ ২০১৭ সালে কালারপুল সেতু নির্মাণের টেন্ডার আহ্বান করলে রানা বিল্ডার্স ও হাসান বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার পায় এবং তাদের ২০১৯ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করতে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ধীরগতির কারণে সময়মতো শেষ হয়নি সেতুর নির্মাণকাজ। যদিও সড়ক বিভাগ এই কাজের মেয়াদ দুবার বৃদ্ধি করে ২০২০ সালের ৩০ জুন বর্ধিত করে। বর্তমানে সেতু নির্মাণকাজের প্রায় ৭০ শতাংশ শেষ হলেও এবারও যথাসময়ে হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এদিকে, সেতু এলাকায় গিয়ে কোনো নির্মাণশ্রমিককে কাজ করতে দেখা যায়নি। দেখা গেছে, সেতুর পশ্চিম পাশের পিলারের ওপর বসানো আছে গার্ডার। আর পূর্ব পাশের পিলারের ওপর গার্ডার বসানো হলেও সংযোগ সড়কটি মূল সেতু থেকে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। তবে মাঝখানের অংশ সম্পূর্ণ ফাঁকা।
এ সময় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানটি খেয়াল খুশিমতো কাজ করছে। মাঝেমধ্যে কিছুসংখ্যক মানুষ দেখা যায়, আর অন্য সময় খালি পড়ে থাকে সেতু এলাকা।
এ ব্যাপারে দক্ষিণ জেলা যুবলীগ নেতা এম এ রহিম জানান, ঠিকাদারের অবহেলার কারণে যথাসময়ে সেতুর নির্মাণকাজ শেষ করা যাচ্ছে না। যেখানে দৈনিক ৫০-৬০ জন শ্রমিকের কাজ করার কথা, সেখানে মাত্র ৮-১০ জন দিয়ে কাজ করানো হচ্ছে।
ইতিমধ্যে হুইপ শামসুল হক চৌধুরী সেতুর নির্মাণকাজ পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করে যথাসময়ে কাজ শেষ করার জন্য সড়ক বিভাগের প্রতি নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ দেশ রূপান্তরকে বলেন, ইতিমধ্যে এই সেতুর নির্মাণকাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। ঠিকাদারকে যথাসময়ে কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি যথাসময়ে সেতু নির্মাণকাজ শেষ করা হবে।
