পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর মিয়াকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
গতকাল সোমবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, করোনাসংকট চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম এবং তালিকার ত্রুটি শনাক্তকারী প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, যা আদেশ জারির সময় থেকেই কার্যকর হবে।
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম ইউপি চেয়ারম্যান আবদুল গফুর মিয়াকে সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।
