অভিযান চালিয়ে দুই শতাধিক দোকান উচ্ছেদ চসিকের

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০২:৩৬ এএম

নগরীর বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে ২ শতাধিক দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবারের এ উচ্ছেদ অভিযানে বায়েজিদের তারা গেইট থেকে শেরশাহ আবাসিক রোডের দুই পাশে প্রায় ৪০ শতক জায়গা উদ্ধার করা হয়।

শেরশাহ এলাকায় গিয়ে দেখা যায়, চসিকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান শুরু করেন, তখন স্থানীয় দখলদাররা একে একে জড়ো হতে থাকেন। একপর্যায়ে ম্যাজিস্ট্রেটের সামনে রাস্তায় শুয়ে পড়েন শতাধিক নারী-পুরুষ। তাদের দাবি, এসব দোকান তারা মাসিক ভাড়া নিয়ে করে থাকেন। এসব দোকান করতে তাদের হাজার হাজার টাকা খরচ হয়েছে।

এ প্রসঙ্গে চসিক প্রশাসক মো. খোরশেদ আলম সুজন দেশ রূপান্তরকে বলেন, রাস্তার ওপর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যখন উচ্ছেদে যান, সেখানে নাকি কিছু লোকজন রাস্তায় শুয়ে পড়েন। বিষয়টি ম্যাজিস্ট্রেট জানানোর পর, আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিই। এদিকে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করায় মো. নাজিম (৩৩) নামে একজনকে পুলিশ হেফাজতে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত