মুরালিধরনের অনুরোধে তার বায়োপিক ছাড়লেন বিজয় সেতুপতি

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১২:৩৭ পিএম

ঘোষণাটাই ছিল চমকে দেওয়া। শ্রীলঙ্কান ক্রিকেট তারকা মুত্তিয়া মুরালিধরনের বায়োপিকে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় সেতুপতি। কয়েক দিন আগে প্রকাশ হওয়া ফার্স্টলুকে সবাই তাজ্জব হয়ে গেছেন। মুরালি ও বিজয়ের মাঝে এত মিল!

কিন্তু সবকিছুর একটা কালো দিক আছে। তার রেশ ধরে সাবেক ক্রিকেটারের বায়োপিক থেকে বেরিয়ে আসতে বাধ্য হলেন ‘৯৬’ অভিনেতা। তিনি জানান, মুরালির অনুরোধেই ‘৮০০’ শিরোনামের এ সিনেমা থেকে সরে এসেছেন।

চলতি বছরের শেষেই ছবিটি রিলিজ করার পরিকল্পনা ছিল প্রযোজকদের। কিন্তু করোনা পরিস্থিতিতে শুটিং পিছিয়ে যায়। তামিল ভাষার ছবিটি একাধিক ভাষায় ডাব করার পরিকল্পনা ছিল পরিচালক এম এস শ্রীপতির।

মোশন পোস্টার প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল পড়ে যায়। ট্রেন্ডিং হয় ‘শেইম অন বিজয় সেতুপতি’ হ্যাশট্যাগ। শ্রীলঙ্কায় সংখ্যালঘু তামিল হত্যার সপক্ষে নাকি মন্তব্য করেছিলেন মুরালিধরন। সেই প্রেক্ষিতেই তার বায়োপিক বয়কটের ডাক দেওয়া হয়। পাশাপাশি তামিল তারকা বিজয়কেও কাঠগড়ায় দাঁড় করানো হয়।

সোমবার মুরালির লেখা একটি চিঠি টুইটারে শেয়ার করেছেন বিজয় সেতুপতি। চিঠিতে ক্রিকেটার জানান, মানুষ তাকে ভুল বুঝেছে। আর তার খেসারত বিজয়কে দিতে হচ্ছে। যেটা তিনি একেবারেই চান না। সেই কারণেই তামিল তারকাকে ছবি ছাড়ার অনুরোধ জানিয়েছেন।

টুইটের ক্যাপশনে, তামিল ভাষায় বিজয় শুধু লেখেন ‘ধন্যবাদ এবং বিদায়’।

কয়েক দিন আগে ভারতীয় গণমাধ্যম জানায়, রাজনৈতিক কারণে ‘৮০০’ বিতর্কের মুখে পড়েছে। যার কারণেই এত নিন্দা।

বলা হচ্ছিল, মুরালির চরিত্রে বিজয়কে দেখে খুশি নন তামিলরা। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সিংহলিজদের হাতে শ্রীলঙ্কার তামিলরা নির্যাতিত বলে অভিযোগ রয়েছে।

ভাইরাল হয়েছিল মুরালিধরন সম্পর্কে বিজয় সেতুপতির একটি মন্তব্য। যেখানে অভিনেতা ক্রিকেটারকে ‘শ্রদ্ধা জাগানিয়া’ বলে প্রশংসা করেন। এর জবাবে তামিলরা বলছেন, সিংহলি সরকার ইলেমের দুই লাখ তামিলকে হত্যা করেছে। এ থেকে বোঝা যায় তামিলদের ব্যথা এ অভিনেতা অনুভব করেন না।

বিজয় গণহত্যাকে সমর্থন করছেন অভিযোগ তুলে অনেকে তাকে বয়কটের হুমকি দিয়েছেন। ‘৮০০’ যাতে মুক্তি  না পায় তারা এর জন্য লড়বেন বলেও জানান।

এমনকি ছবির স্থিরচিত্রে বিজয়ের জার্সিতে থাকা শ্রীলঙ্কার পতাকাও ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। ‘রক্তের দাগ লাগা’ ওই পতাকা বুকে ধারণের জন্য অভিনেতা নিজেকে বিক্রি করে দিয়েছেন বলে কারো কারো ক্ষোভ।

শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতে ‘৮০০’-এর দৃশ্যায়নের পরিকল্পনা ছিল নির্মাতার। যা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত