নরসিংদীতে নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ জন গ্রেপ্তার

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০৭:৫০ পিএম

নরসিংদীর সদর উপজেলার শীলমান্দিতে টেক্সটাইল মিলের এক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে ওই নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই ঘটনায় সোমবার রাতে ওই শ্রমিকের বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ তিনজনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেছেন। 

এর আগে শনিবার রাত ১০টার দিকে কাজের উদ্যেশ্যে টেক্সটাইল মিলে যাওয়ার সময় ওই নারী ধর্ষণের শিকার হয়।

রোববার রাতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে সোমবার সকালে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাহায্য চান। পরে সোমবার দুপুরে শীলমান্দি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ধর্ষককে আটকের পর রাতে নরসিংদী মডেল থানায় মামলা করেন ওই কিশোরীর বাবা।

এই ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন, সদর উপজেলার শীলমান্দির দক্ষিণ শীলমান্দি এলাকার মো. আমীর হোসেনের ছেলে মো. জামান মিয়া (৩০) এবং মান্নান ভূঁইয়ার ছেলে উসমান ভূঁইয়া (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর  শনিবার রাত ১০টার দিকে রাতের শিফটে কাজ করতে টেক্সটাইল মিলে যাওয়ার জন্য রওনা হন ওই নারী। পাঁচ মিনিট হাঁটার পর জামান মিয়া ও উসমান ভূঁইয়া ওই নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে অন্য একটি টেক্সটাইল মিলের ফাঁকা জায়গায় বাঁশবাগানের ভেতর পালাক্রমে ধর্ষণ করে। এ সময় অজ্ঞাতনামা আরও একজন আসামি তাদের পাহারা দিচ্ছিল। ধর্ষণের পর আসামিরা চলে যাওয়ার সময় এই বলে হুমকি দেয়, ঘটনা জানাজানি হলে তাকে হত্যা এবং তার বড় বোনকেও ধর্ষণ করা হবে।

তবে পরদিন তার ফুপু ও এক বান্ধবীর কাছে ধর্ষণের ঘটনাটি জানায় এবং আসামিদের নাম প্রকাশ করে।

নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক (প্রশাসন) মো. মনিরুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত জামান মিয়া ও উসমান ভূঁইয়াকে গ্রেপ্তার করি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত