লক্ষ্মীপুরে ইউনিয়ন উপ নির্বাচনে সাংবাদিকের ওপর হামলা

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০৮:২৭ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর কেরোয়া ইউপি উপনির্বাচনে প্রশাসনের উপস্থিতিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেখা বেগমের সমর্থকদের হামলায় সাংবাদিক এস এম জাকির হোসাইন গুরুতর আহত হয়েছেন। তিনি রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে এ ঘটনা ঘটে।

এস এম জাকির হোসেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় মঙ্গলবার বিকেল ৫টায় রায়পুর উপজেলার জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকেরা সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন।

হামলার শিকার এস এম জাকির হোসাইন জানান, ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখি একদল বহিরাগত সন্ত্রাসী মহিলা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে । এ সময় ওই মহিলাদের কথা ভিডিও রেকর্ড করার সময় শ্রমিক লীগ নেতা জামাল পাটওয়ারীর নির্দেশে কয়েকজন সন্ত্রাসী প্রশাসনের সামনেই আমার ওপর হামলা চালায়।

হামলার বিষয়ে ইউনিয়ন শ্রমিক লীগ নেতা জামাল হোসেন জানান, সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। পিটিয়ে আহত করার ঘটনা সঠিক নয়।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত সাংবাদিক জাকির হোসাইনের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথা থেকে প্রচyর রক্তক্ষরণ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকায় পাঠানো হবে।

কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা রায়পুর থানার এসআই ইয়াসিন আরাফাতের মুঠো ফোনে একাধিকবার কল করে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

রায়পুর থানার ওসি মো. আবদুল জলিল জানান, আমি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে হামলার বিষয়ে জানতে পেরেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান কামাল মৃত্যুবরণ করেন। এরপরই উপনির্বাচনের মাধ্যমে ২০ অক্টোবর এই তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদ পূরণের লক্ষ্যে উপ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সদর উপজেলার চন্দ্রগঞ্জ ও রায়পুর উপজেলার কেরোয়ায় ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছে। এ ছাড়া রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহর স্ত্রী শাহানাজ আক্তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত