বিদ্যুৎবাহী নিরাপত্তা বেষ্টনীর তারে জড়িয়ে নারী শ্রমিকের মৃত্যু

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০৯:০৫ পিএম

কুষ্টিয়া শহরের বাড়াদি মণ্ডল পাড়া এলাকায় একটি পোলট্রি খামার ঘরের চারদিকে নিরাপত্তা বেষ্টনী হিসেবে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখায় তারে জড়িয়ে নুরজাহান (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হওয়া ওই নারীর মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ। মৃত নারী শ্রমিক নুরজাহান স্থানীয় বাসিন্দা আবেদ আলীর কন্যা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, কুষ্টিয়া পৌরসভায় কর্মরত সার্ভেয়ার আব্দুল মান্নান ও তার বন্ধু হেলাল দীর্ঘ ১০-১২ বছর ধরে এখানে মুরগির খামার করে ব্যবসা করেন। সেখানে নিরাপত্তা বেষ্টনী হিসেবে খামারটির সীমানা ঘিরে ইলেকট্রিক তার দিয়ে মোড়ানো থাকে। প্রতি রাতেই খামারের চারদিকে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখা হয়। বিষয়টি নিয়ে এলাকাবাসীর অভিযোগ থাকলেও খামার মালিক সার্ভেয়ার মান্নান তাতে কর্ণপাত করেনি। খামার মালিক মান্নান স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার খেয়ালিপনায় এভাবে একজন অসহায় নারী শ্রমিকের মৃত্যু হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ১০টার দিকে খামারে নারী শ্রমিক নুরজাহান কাজ করতে ভেতরে প্রবেশের সময় বিদ্যুৎবাহী তারে জড়িয়ে মৃত্যু হয়।

এ বিষয়ে কথা বলতে খামারি মালিক আব্দুল মান্নানের মুঠোফোনে কল করে তা বন্ধ পাওয়া যায়।

কুষ্টিয়া মডেল থানার পুলিশ উপপরিদর্শক লিপন সরকার জানান, খামারটির মালিক কুষ্টিয়া পৌরসভায় কর্মরত সার্ভেয়ার আব্দুল মান্নান। এটি সার্বক্ষণিক পরিচালনা করেন তার বন্ধু হেলাল। এখানে নিরাপত্তা বেষ্টনীতে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) মো.কামরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে একজন মহিলার মৃত্যু সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। বিদ্যুতের তারে সংযোগ দিয়ে অবৈধভাবে নিরাপত্তা বেষ্টনী করার কারণে এই মৃত্যু হয়ে থাকলে তা হত্যাকাণ্ডের দায়ে মামলা হবে এবং দোষীকে গ্রেপ্তার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত