নির্বাচন নিয়ে মানুষের মাঝে অনাস্থা আছে: জি .এম কাদের

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১০:১৪ পিএম

নির্বাচন নিয়ে মানুষের মাঝে অনাস্থা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

তিনি বলেছেন, একদিকে নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তা বিশ্বাস করতে চায় না। তাই, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।

মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান-এর কার্যালয়ে কক্সবাজার জেলা পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টি দেশের প্রতিটি নির্বাচনে অংশ গ্রহণ করবে। কারণ, নির্বাচন দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। নির্বাচনের মাধ্যমে তৃণমূলের মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, ৯১ সালের পরবর্তী সরকারগুলোর শাসনামলে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে সাধারণ মানুষ বিরক্ত। কিন্তু জাতীয় পার্টির শাসনামলে আইনের শাসন ছিল, সুশাসন ছিল সমাজের সর্বত্র। তাই সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি অত্যন্ত গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. মিজানুর রহমান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত