সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলিসা গ্রামের মাছ ব্যবসায়ী শাহিনুর, তার স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে তাদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। এ নিয়ে মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হলো।
কলারোয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, সোমবার সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার তিনি পুনরায় ঘটনাস্থলে আসেন।
উপজেলার খলসি গ্রামের আবদুর রাজ্জাক ও আবদুল মালেক এবং ধানঘরা গ্রামের আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
১৪ অক্টোবর রাতের কোনো এক সময়ে কলারোয়ার খলসি গ্রামের মাছ ব্যবসায়ী শাহিনুর রহমানসহ তার পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করা হয়। শাহিনুরের শাশুড়ি ময়না বেগম বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে কলারোয়া থানায় হত্যা মামলা করেন।
তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডির পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শাহিনুরের ছোট ভাই রাহানুরকে আটক করে। পরে রাহানুরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
কলারোয়া আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) কায়েস মাহমুদ জানান, আসামিদের আদালতে পাঠানোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রিমান্ডে নেওয়া রাহানুরের জবানবন্দি অনুযায়ী ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
