টিনএজেই তারকা খ্যাতি পেয়ে গেছেন বার্সেলোনার অনসু ফাতি। এরই মধ্যে গড়েছেন অনেকগুলো রেকর্ড। গিনি বিসাউয়ে জন্ম নেওয়া এই ফুটবলার জানিয়েছেন, ক্লাব সতীর্থ ছয়বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির কাছ থেকে শেখা অব্যাহত রেখেছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে ‘জি’ গ্রুপে মঙ্গলবার হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্সভারোসের বিপক্ষে ৫-১ গোলের জয় পায় বার্সেলোনা। তাতে প্রথমার্ধে একটি করে গোল করেন মেসি ও ফাতি। একটি করে গোলে দুজনই গড়েছেন রেকর্ড।
প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা ষোলো মৌসুমে গোলের করেছেন মেসি। আর ১৮ বছর পূরণের আগে ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে দুই গোল করা একমাত্র খেলোয়াড় হলেন ফাতি।
১৭ বছর বয়সী ফাতি এরই মধ্যে দুর্দান্ত কিছু রেকর্ড গড়ে ফেলেছেন। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করেছেন লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্পেন জাতীয় দলের হয়ে।
নিজ দক্ষতায় সবার নজর কাড়লেও মেসিকেই আদর্শ মানছেন ফাতি। প্রিয় সতীর্থের কাছ থেকে অনেক কিছু শিখছেন বলে জানালেন স্পেনের নাগরিকত্ব নেওয়া এই ফুটবলার।
“মেসি মেসিই। যেকোনো সময় তিনি গোল করতে পারেন। এখানে আমাদের সঙ্গে তার মতো একজন খেলোয়াড় পেয়ে আমরা খুশি। তার কাছ থেকে শেখা আমি অব্যাহত রেখেছি।”
চ্যাম্পিয়নস লিগে দলের পারফরম্যান্স নিয়ে ফাতি বলেন, “আমরা দারুণ একটি জয়ে শুরু করেছি। আর আমার গোলটির কৃতিত্ব সতীর্থদের। তারা ব্যাপারগুলো আমার জন্য সহজ করে দেয়।”
