জয়পুরহাটে প্রতিবেশী দাদার বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০১:৩৭ পিএম

জয়পুরহাটে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দাদা জামাল উদ্দিনের (৫৫) বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ১১টার পর সদর উপজেলার ভাদসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানা মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটি বাড়ির পাশে সহপাঠীদের সাথে খেলা করছিল। এসময় একই গ্রামের প্রতিবেশী দাদা জামাল উদ্দিন তার বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীটির হাত ধরে টেনে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর পরিবারের লোকজন তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির সময় তার মা দেখেন প্রতিবেশী জামাল উদ্দিনের বাড়ি থেকে শিশুকে দৌড়ে বেরিয়ে আসতে। পরিবারের লোকজন শিশুটিকে জিজ্ঞেস করলে শিশুটি ভীতু হয়ে কাঁদতে কাঁদতে ঘটনার কথা জানায়। পরে পরিবারের লোকজন ঘটনাটি স্থানীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে চেয়ারম্যান থানায় যাওয়ার পরামর্শ দেন।

অভিযুক্ত জামাল উদ্দিনের বাড়িতে গেলে তাকে না পেলে তার স্ত্রী জাহানারা বেগম দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনা মিথ্যা ও ষড়যন্ত্র।

স্থানীয় ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন দেশ রূপান্তরকে বলেন, সোমবার দুপুরে শিশুটির পরিবার আমার কাছে অভিযোগ করেছিল। ঘটনা শুনে দেখলাম শিশু নিপীড়নের বিষয়। এ জন্য ইউনিয়ন পরিষদ অভিযোগ নেওয়া হয়নি। যদি ঘটনা সত্য হয় তাহলে তাদের থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দিয়েছি।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ মোহা. শাহরিয়ার খাঁন দেশ রূপান্তরকে বলেন, এ ব্যাপারে মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে ও আসামি গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত